শ্রীমঙ্গলে চিকিৎসা সনদ সংক্রান্ত অভিযোগ, তদন্তের জন্য মেডিকেল বোর্ড গঠনের আশ্বাস স্বাস্থ্য কর্মকর্তার

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৫

শ্রীমঙ্গলে চিকিৎসা সনদ সংক্রান্ত অভিযোগ, তদন্তের জন্য মেডিকেল বোর্ড গঠনের আশ্বাস স্বাস্থ্য কর্মকর্তার

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৩ ডিসেম্বর ২০২৫ : শ্রীমঙ্গলে চিকিৎসা সনদকে কেন্দ্র করে জালিয়াতি ও অনৈতিক লেনদেনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন ব্যক্তির পুনঃপরীক্ষার দাবিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্তের জন্য উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠনের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তা।

অভিযোগকারী মো. আবদাল মিয়া (৫৪) শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ষাড়েরগজ গ্রামের বাসিন্দা। লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, একই এলাকার বাসিন্দা বিলাল হোসেন গত ৪ সেপ্টেম্বর ও ২১ অক্টোবর ২০২৫ তারিখে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করেন। ওই চিকিৎসার বিপরীতে যথাক্রমে ৪৮৫৭১ ও ৫৭৭৮ নম্বর রেজিস্ট্রেশনের চিকিৎসা সনদ ইস্যু করা হয়।

পরবর্তীতে বিলাল হোসেন ওই চিকিৎসা সনদে শারীরিক আঘাতের উল্লেখ দেখিয়ে আদালতে একটি কাউন্টার মামলা দায়ের করেন। তবে অভিযোগকারী আবদাল মিয়ার দাবি, বিলাল হোসেন আদৌ কোনো শারীরিক আঘাতপ্রাপ্ত ছিলেন না। বরং উল্টো বিলাল হোসেন ও তার সহযোগীরা তাকে মারধর করে গুরুতর আহত করেন।

এ ঘটনায় আবদাল মিয়া নিজেও শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ১০, তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৫। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৬, ৩০৭, ৪২৭, ৩৮০ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়।

আবেদনে তিনি প্রশ্ন তোলেন, “কোনো দৃশ্যমান আঘাত না থাকা সত্ত্বেও জরুরি বিভাগ কীভাবে তাকে আঘাতপ্রাপ্ত ও পুলিশ কেস হিসেবে চিকিৎসা সনদ প্রদান করল?” তাঁর অভিযোগ, আর্থিক লেনদেনের মাধ্যমে অনৈতিকভাবে ওই চিকিৎসা সনদ ইস্যু করা হয়ে থাকতে পারে।

Manual2 Ad Code

অভিযোগকারী বিলাল হোসেনকে তলব করে পুনঃপরীক্ষার মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের দাবি জানান। একই সঙ্গে ঘটনার সময় জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকের পরিচয় শনাক্ত করে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

Manual2 Ad Code

উক্ত অভিযোগের অনুলিপি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সিলেট বিভাগীয় পরিচালক, মৌলভীবাজার সিভিল সার্জন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবে প্রেরণ করা হয়েছে।

Manual5 Ad Code

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টির নিরপেক্ষ তদন্তের জন্য উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে ইস্যুকৃত চিকিৎসা সনদ ও সংশ্লিষ্ট ব্যক্তির আঘাত পুনঃপরীক্ষা সংক্রান্ত অভিযোগটি মৌলভীবাজার সিভিল সার্জনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে পাঠানো হয়েছে।

 

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ