পরিকল্পিত মব সন্ত্রাস বন্ধ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শ্রীমঙ্গলে বাসদের বিক্ষোভ

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৫

পরিকল্পিত মব সন্ত্রাস বন্ধ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শ্রীমঙ্গলে বাসদের বিক্ষোভ

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৩ ডিসেম্বর ২০২৫ : দেশজুড়ে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সহিংসতা ও মব সন্ত্রাস ছড়িয়ে দিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদ এবং সাম্প্রতিক কয়েকটি নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

Manual8 Ad Code

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনা এলাকায় বাসদ শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা এবং লক্ষ্মীপুরে ঘরে তালাবদ্ধ অবস্থায় আগুন দিয়ে শিশু আয়েশা আক্তারকে পুড়িয়ে হত্যার ঘটনাকে পরিকল্পিত মব সন্ত্রাসের ভয়াবহ উদাহরণ হিসেবে উল্লেখ করেন। এসব ঘটনার সঙ্গে জড়িত খুনি, হামলাকারী ও উস্কানিদাতাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান তারা।

Manual8 Ad Code

বিক্ষোভ সমাবেশে আরও দাবি জানানো হয়—প্রথম আলো, দ্য ডেইলি স্টার, উদীচী ও ছায়ানটের ওপর হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত সন্ত্রাসী ও উস্কানিদাতাদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বক্তারা নির্বাচন বানচালের চক্রান্ত বন্ধ এবং দেশে মব সন্ত্রাস ও সাম্প্রদায়িক সহিংসতা রোধে কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার-৪ আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বাসদ শ্রীমঙ্গল উপজেলা সমন্বয়ক অ্যাডভোকেট কমরেড আবুল হাসান। সমাবেশ পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী।

বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা সদস্য ও চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী, বাংলাদেশ যুব ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা সভাপতি বিকাশ দাস বাপ্পন, শ্রমিক অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী এবং শ্রীমঙ্গল পৌর যুবদলের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি বাবুল আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রীমঙ্গলে বাসদের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন মৌলভীবাজার-৪ আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট কমরেড আবুল হাসান। —ছবি : আরপি নিউজ। 

Manual5 Ad Code

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট কমরেড আবুল হাসান বলেন, “দেশে একটি মহল পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উসকানি ও মব সন্ত্রাস সৃষ্টি করে মানুষকে হত্যার দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে।”

তিনি আরও বলেন, “দীপু চন্দ্র দাস ও শিশু আয়েশা আক্তারের হত্যাকাণ্ড প্রমাণ করে—মব সন্ত্রাস এখন সমাজের জন্য মারাত্মক হুমকি। সরকার যদি অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিচার এবং মব সন্ত্রাস দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা চরমভাবে বিপন্ন হবে।”

সমাবেশ থেকে অবিলম্বে দীপু চন্দ্র দাস ও শিশু আয়েশা আক্তার হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক বিচার এবং দেশে সাম্প্রদায়িক সহিংসতা ও মব সন্ত্রাস বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

 

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ