সিলেট ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৩ জানুয়ারি ২০২৬ : ডিজিটাল যুগে সাংবাদিকতায় দক্ষতা বাড়ানোর চাহিদা দিন দিন বাড়ছে। সেই বাস্তবতায় মাত্র দুই সপ্তাহ আগে শুরু হওয়া ‘নিউজ রিপোর্টিং অনলাইন কোর্স’ ইতিমধ্যে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া ফেলেছে। সাংবাদিকতায় আগ্রহী নতুনদের পাশাপাশি অভিজ্ঞ অনেক সংবাদকর্মীও এই কোর্সে যুক্ত হচ্ছেন নিজেদের রিপোর্টিং দক্ষতা আরও শানিত করতে।
কোর্স আয়োজকদের ভাষ্য অনুযায়ী, শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই বিপুল সংখ্যক শিক্ষার্থী কোর্সে নিবন্ধন করেছেন এবং অনেকেই ইতোমধ্যে কোর্স সম্পন্ন করে সনদও অর্জন করেছেন। অংশগ্রহণকারীদের সক্রিয়তা ও ইতিবাচক প্রতিক্রিয়া এই উদ্যোগের প্রয়োজনীয়তাকেই নতুন করে সামনে এনেছে।
রিপোর্টিংয়ের বুনিয়াদ থেকে গল্প বলা পর্যন্ত
এই অনলাইন কোর্সে মোট পাঁচটি অধ্যায়ের মাধ্যমে রিপোর্টিংয়ের মৌলিক ও ব্যবহারিক দিকগুলো ধাপে ধাপে শেখানো হচ্ছে। কোর্সে রয়েছে ভিডিও লেকচার, পাঠ্য উপকরণ এবং প্রতিটি অধ্যায়ের সঙ্গে যাচাই কুইজ ও মূল্যায়ন।
প্রথম অধ্যায়ে সংবাদ কী, সাংবাদিকতা বলতে কী বোঝায় এবং একজন রিপোর্টারের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে গুরুত্ব দেওয়া হয়েছে সংবাদমূল্য, সাংবাদিকের বাছাই প্রক্রিয়া এবং নীতিনৈতিকতার ভিত গড়ে তোলার ওপর। তৃতীয় অধ্যায়ে মাঠে নামার প্রস্তুতি, তথ্যের উৎস, ষড় ‘ক’ এবং মূল থিম নির্ধারণের কৌশল শেখানো হয়।
চতুর্থ অধ্যায়ে তথ্য সংগ্রহ, যাচাই, বরাত, সাক্ষাৎকার গ্রহণ এবং তথ্য সংগ্রহের নৈতিকতা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। আর পঞ্চম ও শেষ অধ্যায়ে রয়েছে সংবাদ লেখার কৌশল, গল্পের কাঠামো, ভাষা, সংবেদনশীলতা এবং অনলাইন ও টেলিভিশনের জন্য দ্রুত ও নির্ভুল লেখার দিকনির্দেশনা।
অভিজ্ঞ সাংবাদিকদের সমন্বয়ে প্রশিক্ষক দল
এই কোর্সের অন্যতম শক্তি এর প্রশিক্ষক প্যানেল। সাংবাদিকতা ও গবেষণায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একাধিক খ্যাতনামা সাংবাদিক এখানে প্রশিক্ষক হিসেবে যুক্ত আছেন।
কুর্রাতুল-আইন-তাহ্মিনা তিন দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা ও গবেষণার সঙ্গে যুক্ত। বিবিসি বাংলা, ঢাকা ক্যুরিয়ার ও প্রথম আলোর মতো প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
শাকিল আনোয়ার টানা দুই দশকের বেশি সময় বিবিসি বাংলায় কাজ করেছেন এবং রয়টার্সের সঙ্গেও যুক্ত ছিলেন।
পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক বদরুদ্দোজা বাবু শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতে দুর্নীতি উন্মোচনে পরিচিত মুখ।
আশরাফুল হক টেলিভিশন সাংবাদিকতা ও প্রশিক্ষণে দুই দশকের অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন।
আর জায়মা ইসলাম দ্য ডেইলি স্টারে এক দশকের বেশি সময় ধরে অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতায় কাজ করছেন।
সাংবাদিকতায় আগ্রহীদের জন্য গাইড
আয়োজকদের মতে, এই কোর্সটি বিশেষভাবে তৈরি করা হয়েছে তাদের জন্য, যারা সাংবাদিকতায় ক্যারিয়ার গড়তে চান কিংবা যারা ইতোমধ্যে কাজ করছেন কিন্তু রিপোর্টিংয়ের মৌলিক জায়গাগুলো আরও মজবুত করতে চান। নিজের সুবিধামতো সময়ে কোর্স সম্পন্ন করার সুযোগ থাকায় শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য এটি সহজলভ্য হয়েছে।
কোর্স শেষে অংশগ্রহণকারীরা একটি সনদও পাচ্ছেন, যা ভবিষ্যতে পেশাগত ক্ষেত্রে সহায়ক হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আগ্রহীদের জন্য নিবন্ধন উন্মুক্ত
বর্তমানে কোর্সটিতে নিবন্ধন উন্মুক্ত রয়েছে। আগ্রহীরা
https://elearning.mrdibd.org/courses/niuj-riporttin-anlaain-kors-17
এই লিংকের মাধ্যমে বিস্তারিত তথ্য জেনে কোর্সে যুক্ত হতে পারবেন।
ডিজিটাল প্ল্যাটফর্মে এমন উদ্যোগ দেশের সাংবাদিকতায় গুণগত মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে—এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি