রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শ্রীমঙ্গলে প্রশাসনের যৌথ বাজার মনিটরিং

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শ্রীমঙ্গলে প্রশাসনের যৌথ বাজার মনিটরিং

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৮ ফেব্রুয়ারি ২০২৬ : পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রশাসনের উদ্যোগে ব্যাপক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে।

উপজেলা প্রশাসন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শ্রীমঙ্গল পৌরসভা ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজারে এ তদারকি কার্যক্রম চালানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাজারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা, ওজন ও মাপের সঠিকতা যাচাই, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়।

Manual8 Ad Code

মনিটরিং চলাকালে চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুর, পেঁয়াজসহ রমজানকেন্দ্রিক চাহিদাসম্পন্ন পণ্যের মূল্য পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করা হয়। অনেক দোকানে দৃশ্যমান মূল্য তালিকা না থাকায় তাৎক্ষণিকভাবে সতর্ক করা হয় এবং নির্ধারিত নিয়ম অনুসরণে নির্দেশনা দেওয়া হয়। কোথাও যেন কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মুনাফা আদায় বা ওজনে কারচুপি না হয়—সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

Manual6 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, রমজান মাসে নিত্যপণ্যের চাহিদা বেড়ে যায়। এ সুযোগে কেউ যেন অযৌক্তিকভাবে দাম বাড়াতে না পারে, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি করা হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নেওয়া হবে বলেও তিনি জানান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক মো. আল আমিন বলেন, বাজারে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে ভোক্তা অধিকার অধিদপ্তর সক্রিয় রয়েছে। পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, ভেজাল ও প্রতারণা প্রতিরোধ এবং ওজনে সঠিকতা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। কোনো অনিয়ম প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, পৌরসভা পরিচ্ছন্নতা ও বাজার ব্যবস্থাপনায় সহযোগিতা করছে। ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে একটি শৃঙ্খলাবদ্ধ ও ভোক্তাবান্ধব বাজার পরিবেশ নিশ্চিত করার চেষ্টা চলছে।

Manual5 Ad Code

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন বলেন, ব্যবসায়ীরা সবসময় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে আগ্রহী। রমজানে বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ী সমাজ দায়িত্বশীল ভূমিকা পালন করবে। তিনি অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত থাকার আহ্বান জানান।

বাজার মনিটরিং কার্যক্রমে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে। এছাড়া সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে, প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, রমজানকে কেন্দ্র করে যাতে অসাধু ব্যবসায়ীরা বাজারে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সেজন্য নিয়মিত ও কার্যকর নজরদারি অব্যাহত রাখা জরুরি। প্রশাসনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোকেও সচেতন ভূমিকা রাখতে হবে।

সংশ্লিষ্টরা জানান, রমজানজুড়ে এ ধরনের যৌথ বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভোক্তাদের যেকোনো অভিযোগ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে।

Manual4 Ad Code