চাঁদপুরে শিশুদের আকর্ষণ কিডস কিংডম পার্ক

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৬

চাঁদপুরে শিশুদের আকর্ষণ কিডস কিংডম পার্ক

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | চাঁদপুর, ১০ মার্চ ২০২৬ : চাঁদপুরে শিশুদের জন্য অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে ‘কিডস কিংডম’ পার্ক। বেসরকারি উদ্যোগে ছোট পরিসরে গড়ে ওঠা এই পার্কটি ইতোমধ্যে শিশুদের কাছে আনন্দভুবনে পরিণত হয়েছে। এর কার্যক্রম দেখে সহায়তার আশ্বাস দিয়েছে চাঁদপুর সদর উপজেলা প্রশাসন।

Manual2 Ad Code

জেলায় প্রায় ২৭ লাখ মানুষের বসবাস থাকলেও শিশুদের জন্য নির্দিষ্ট বিনোদন কেন্দ্র খুবই কম। এ বাস্তবতায় কয়েকজন উদ্যোক্তা চাঁদপুর-রায়পুর সড়কের পূর্ব পাশে, জেলা শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণে নিরিবিলি পরিবেশে ‘কিডস কিংডম’ নামে এই বিনোদন কেন্দ্র গড়ে তুলেছেন।

সরেজমিনে দেখা যায়, পার্কটিতে শিশুদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন রাইড। নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরাসহ প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। দিনের তুলনায় বিকেলের পর থেকে শহর ও আশপাশের এলাকা থেকে শিশু ও তাদের অভিভাবকদের আগমন বাড়তে থাকে। সাধারণত বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা এখানে সময় কাটাতে পারেন। পার্কের ভেতরে খাবার, স্যানিটেশন ও প্রার্থনার ব্যবস্থাও রয়েছে।

Manual4 Ad Code

বিশেষ করে বিভিন্ন উৎসবের সময় এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে পার্কটি শিশু ও অভিভাবকদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে।

ঘুরতে আসা শিশু আহনাফ (৭) ও আসফি (১২) জানায়, এখানে খেলাধুলা ও সময় কাটানোর জন্য বেশ কয়েকটি রাইড রয়েছে, যা তাদের ভালো লেগেছে। তবে তারা আরও নতুন রাইড এবং বড় পরিসরে পার্ক করার প্রত্যাশা জানায়।

অভিভাবক হ্যাপি আক্তার বলেন, ব্যস্ততার কারণে অনেক সময় শিশুদের যথেষ্ট সময় দেওয়া যায় না। তবে এখানে নিরাপদ পরিবেশে তারা কিছুটা সময় আনন্দ করতে পারে।

উদ্যোক্তা মো. জিল্লুর রহমান বলেন, জেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে শিশুদের জন্য আলাদা কোনো বিনোদন কেন্দ্র নেই। এ কারণেই ‘কিডস কিংডম’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বর্তমানে ইজারা নেওয়া জায়গায় সীমিত বিনিয়োগে কার্যক্রম শুরু হয়েছে। সরকারিভাবে সহায়তা পেলে এটিকে আরও বড় পরিসরে উন্নত করা সম্ভব।

Manual2 Ad Code

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম.এন জামিউল হিকমা বলেন, শহরতলিতে শিশুদের জন্য গড়ে ওঠা এই পার্কটি শিশুবান্ধব পরিবেশে উন্নত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হবে। পাশাপাশি আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও এখানে শিশুদের অবসর বিনোদনের জন্য উদ্বুদ্ধ করা হবে।

Manual3 Ad Code