সাফ ফুটবল জয়ী স্যামুয়েল রাকসামকে সংবর্ধনা দেবে নিজ এলাকার মানুষ

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৬

সাফ ফুটবল জয়ী স্যামুয়েল রাকসামকে সংবর্ধনা দেবে নিজ এলাকার মানুষ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৬ এপ্রিল ২০২৬ : দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার ঐতিহাসিক গৌরব অর্জন করেছে বাংলাদেশ। দেশের এই ঐতিহাসিক সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে আলোচনায় এসেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কৃতি সন্তান স্যামুয়েল রাকসাম। তার এই অসাধারণ কৃতিত্বে আনন্দ ও গর্বে ভাসছে পুরো শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলা। দেশজুড়েও তিনি পাচ্ছেন ব্যাপক অভিনন্দন ও শুভেচ্ছা।

Manual2 Ad Code

জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্যামুয়েল রাকসাম। ফাইনাল ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে দলের জয়ে তার নৈপুণ্য ও পরিশ্রম ছিল প্রশংসনীয়। দেশের ফুটবল ইতিহাসে এই জয়কে একটি বড় অর্জন হিসেবে দেখছেন ক্রীড়াবিদ ও বিশ্লেষকরা।

এদিকে দেশের জন্য গৌরব বয়ে আনা এই কৃতি ফুটবলারকে সংবর্ধনা দিতে প্রস্তুতি নিয়েছে তার নিজ এলাকার মানুষ। শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির উদ্যোগে তাকে গণসংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে।

আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় ভৈরবগঞ্জ বাজারস্থ কালাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক সালেহ আহমেদ বলেন, “স্যামুয়েল রাকসাম আমাদের এলাকার গর্ব। তার এই সাফল্য নতুন প্রজন্মকে ফুটবলে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে। আমরা চাই এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে তাকে সম্মান জানাবেন এবং সংবর্ধনা অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করবেন।”

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, স্যামুয়েল রাকসাম ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আগ্রহী ছিলেন এবং ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি থেকেই তার ফুটবল ক্যারিয়ারের পথচলা শুরু। কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে তিনি আজ জাতীয় দলে জায়গা করে নিয়ে দেশের জন্য সাফল্য এনে দিয়েছেন, যা পুরো এলাকার জন্য গর্বের বিষয়।

Manual8 Ad Code

সংবর্ধনা অনুষ্ঠানে স্যামুয়েল রাকসামের ফুটবল ক্যারিয়ার, সাফ চ্যাম্পিয়নশিপে তার অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। এছাড়া তাকে সম্মাননা ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা স্মারক প্রদান করা হবে।

এদিকে স্থানীয় তরুণ ফুটবলাররা মনে করছেন, স্যামুয়েল রাকসামের এই সাফল্য শ্রীমঙ্গলসহ পুরো মৌলভীবাজার জেলায় ফুটবলের প্রতি নতুন আগ্রহ তৈরি করবে এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে খেলার স্বপ্ন দেখতে উৎসাহিত করবে।

দেশের ফুটবলে এমন সাফল্য অব্যাহত থাকুক এবং স্যামুয়েল রাকসামের মতো আরও খেলোয়াড় জাতীয় দলে প্রতিনিধিত্ব করুক—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

অন্যদিকে, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী এক অভিনন্দনবার্তায় স্যামুয়েল রাকসামকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) দেওয়া ওই বার্তায় তিনি বলেন, শ্রীমঙ্গলের গারোলাইন, মাজডিহি ও কালাপুর এলাকার এই প্রতিভাবান ফুটবলার ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির ছাত্র হিসেবে দেশের জন্য যে সম্মান বয়ে এনেছে, তা পুরো জাতিকে গর্বিত করেছে।

তিনি আরও উল্লেখ করেন, স্যামুয়েলের এই সাফল্য প্রমাণ করে—অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং সঠিক দিকনির্দেশনা থাকলে বাংলাদেশের তরুণরা আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের সক্ষমতার স্বাক্ষর রাখতে পারে।

তিনি স্যামুয়েলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও তিনি দেশের জন্য আরও সাফল্য বয়ে আনবেন এবং বাংলাদেশের ফুটবলকে বিশ্বদরবারে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Manual4 Ad Code

বার্তার শেষাংশে তিনি বলেন, “অভিনন্দন স্যামুয়েল রাকসাম—দেশ এগিয়ে যাক, খেলাধুলা এগিয়ে যাক।”

Manual5 Ad Code

এদিকে, একই সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

এক বিবৃতিতে তিনি বলেন, শ্রীমঙ্গলের মাটি থেকে উঠে আসা স্যামুয়েল রাকসামের এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত। তিনি উল্লেখ করেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের যথাযথ প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা প্রদান করা গেলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের মতো শক্তিশালী দলকে পরাজিত করা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা, যা দেশের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে। এই জয়ের মাধ্যমে দেশের তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও উৎসাহিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।