মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি দেশকে ঝুঁকিতে ফেলবে

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি দেশকে ঝুঁকিতে ফেলবে

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১১ এপ্রিল ২০২৬ : সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি)’ একটি অসম, একতরফা ও জাতীয় স্বার্থবিরোধী চুক্তি, যা বাংলাদেশের অর্থনীতি, কৃষি, শিল্প, কর্মসংস্থান, নিরাপত্তা ও সার্বভৌমত্বকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে ফেলবে। চুক্তির বিভিন্ন ধারায় বাংলাদেশের ওপর শুল্ক ও শুল্কবহির্ভূত বাধ্যবাধকতা আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের একক সুবিধা নিশ্চিত করা হয়েছে।”

Manual7 Ad Code

শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিলের পূর্বে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী।

Manual6 Ad Code

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, অন্তর্বর্তী সরকার এখতিয়ারবহির্ভূতভাবে নির্বাচনের মাত্র ৩ দিন আগে এই চুক্তি স্বাক্ষর করেছে, যা গণতান্ত্রিক রীতিনীতি ও সংবিধানের ১৪৫(ক) অনুচ্ছেদের পরিপন্থি। এই চুক্তির ফলে বাংলাদেশকে উচ্চমূল্যে জ্বালানি, খাদ্যশস্য, কৃষিপণ্য ও প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে বাধ্য করা হবে, একই সঙ্গে দেশীয় শিল্প ও কৃষি খাত মারাত্মক প্রতিযোগিতার মুখে পড়বে। এতে বিপুলসংখ্যক শ্রমিক চাকরি হারাবেন। এ ছাড়া অন্যান্য দেশের সঙ্গে স্বাধীনভাবে বাণিজ্যচুক্তি করার ক্ষেত্রেও সীমাবদ্ধতা আরোপের মাধ্যমে দেশের নীতিনির্ধারণী স্বাধীনতায় হস্তক্ষেপ করবে।

Manual8 Ad Code

নেতৃবৃন্দ ইরানে মার্কিন-ইসরাইলি হামলা, ফিলিস্তিনে চলমান গণহত্যা এবং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে তা অবিলম্বে বন্ধের দাবি জানান।

সমাবেশ থেকে আগামী ১৬ থেকে ২২ এপ্রিল সারাদেশে প্রচার ও গণসংযোগ সপ্তাহ এবং আগামী ২৭ এপ্রিল সংসদ অভিমুখে বিক্ষোভ ও স্পিকারের কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান হয়।