শ্রীমঙ্গলে উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, মে ২৬, ২০২৬

শ্রীমঙ্গলে উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ

Manual2 Ad Code

‘গাছ লাগাই, ভবিষ্যৎ বাঁচাই’ স্লোগানে সবুজায়নের বার্তা

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৬ মে ২০২৬ : পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল শাখা।

‘গাছ লাগাই, ভবিষ্যৎ বাঁচাই’ প্রতিপাদ্য এবং ‘সবুজের অভিযান ২০২৬ : সবুজে গড়ি আগামী’ শীর্ষক এ কর্মসূচি উপলক্ষে মঙ্গলবার (২৬ মে ২০২৬) শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ করা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ পরিবেশবান্ধব উদ্যোগে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠক, পরিবেশকর্মীরা অংশ নেন।

আয়োজকরা জানান, পরিবেশ-সচেতনতা সৃষ্টি, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী যে পরিবেশগত সংকট সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। বৃক্ষরোপণ কেবল একটি সামাজিক দায়িত্ব নয়, বরং মানবসভ্যতা টিকিয়ে রাখার অন্যতম প্রধান উপায়। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, বায়ুদূষণ কমায়, জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে এবং মানুষের সুস্থ জীবন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল শাখার উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল শাখার সভাপতি মোহাম্মদ আল আমিন।

Manual4 Ad Code

অনুষ্ঠানের অতিথিরা পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

Manual3 Ad Code

অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; লন্ডন প্রেসক্লাবের সদস্য, যুক্তরাজ্যপ্রবাসীদের জনপ্রিয় চ্যারিটি সংগঠন ‘হৃদয়ে শ্রীমঙ্গল’-এর প্রধান নির্বাহী, গীতিকার ও সুরকার কায়েস আজিজ; শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রভাষক সাইফুল ইসলাম; শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রাণী দাস; শ্রীমঙ্গল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন; শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন এবং পরিবেশবিদ তারিক হাসান।

Manual4 Ad Code

বক্তব্যে কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “বসুন্ধরা শুভসংঘের এমন মহৎ উদ্যোগ সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কার্যক্রম সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ-সচেতনতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু পাঠ্যবইয়ের মধ্যে শিক্ষার সীমাবদ্ধতা নেই; প্রকৃত শিক্ষা তখনই পূর্ণতা পায় যখন একজন মানুষ সমাজ ও পরিবেশের জন্য ইতিবাচক কিছু করতে শেখে। শুভসংঘ সেই মানবিক চর্চাকেই এগিয়ে নিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন বিশ্বব্যাপী বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এখনই ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে। আমি ব্যক্তিগতভাবে শুভসংঘের এ কার্যক্রমের সঙ্গে আছি এবং ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।”

লন্ডন প্রেসক্লাবের সদস্য ও ‘হৃদয়ে শ্রীমঙ্গল’-এর প্রধান নির্বাহী কায়েস আজিজ বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের শিশু-কিশোরদের মধ্যে যদি গাছের প্রতি ভালোবাসা তৈরি করা যায়, তবে আগামী দিনের বাংলাদেশ আরও সবুজ ও বাসযোগ্য হবে।”

শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রভাষক সাইফুল ইসলাম বলেন, “পরিবেশ রক্ষার বিষয়টি এখন আর কেবল আলোচনা বা সেমিনারের মধ্যে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। বাস্তবভিত্তিক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে। বসুন্ধরা শুভসংঘ সেই কাজটিই করে যাচ্ছে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রাণী দাস বলেন, “বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করবে। তারা ছোটবেলা থেকেই পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতন হয়ে উঠবে। এমন উদ্যোগের জন্য আমরা বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর শ্রীমঙ্গল প্রতিনিধি দীপংকর ভট্টাচার্য লিটন। তিনি বলেন, সামাজিক ও মানবিক কাজে বসুন্ধরা শুভসংঘের অংশগ্রহণ ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে প্রশংসিত হয়েছে। তরুণদের সম্পৃক্ত করে পরিবেশ রক্ষার এ উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল শাখার উপদেষ্টা ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক সিনিয়র সাংবাদিক এম এ রকিব; শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব মো. রুবেল আহমেদ; যুগ্ম আহ্বায়ক আবুজার রহমান বাবলা; সদস্য মো. সুলতান মাহমুদ; কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি আল আমিন; কনটেন্ট ক্রিয়েটর ফাহিম আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ, ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করেন। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শুধু বৃক্ষরোপণ নয়, রোপিত গাছের পরিচর্যা নিশ্চিত করতেও শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে।

Manual1 Ad Code

বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল শাখার নেতারা জানান, পরিবেশ সুরক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি পরিচালনা করা হবে। তারা বলেন, একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

এ সংক্রান্ত আরও সংবাদ