শ্রীমঙ্গলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ সহায়তা ও চাল বিতরণ

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, মে ২৬, ২০২৬

শ্রীমঙ্গলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ সহায়তা ও চাল বিতরণ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৬ মে ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাম্প্রতিক প্রবল বর্ষণ ও টানা বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারের পক্ষ থেকে মানবিক সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে ২০২৬) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।

Manual6 Ad Code

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলমান দুর্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চলের বিস্তীর্ণ ফসলি জমি পানিতে তলিয়ে যায়। এতে বোরো ধান, সবজি ও অন্যান্য মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়। অনেক কৃষক আর্থিকভাবে চরম সংকটে পড়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

Manual6 Ad Code

প্রথম পর্যায়ে উপজেলার মোট ১ হাজার ৭৮৭ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে জনপ্রতি দুই মাসের জন্য নগদ ৬ হাজার টাকা এবং ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে নগদ সহায়তার অর্থ ও চাল কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

তিনি দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক তালিকা প্রণয়ন করে আরও সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।

Manual5 Ad Code

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান বলেন, “এটি সহায়তার প্রথম ধাপ। ইতোমধ্যে আরও ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরবর্তীতে নতুন তালিকা অনুমোদিত হলে আরও কৃষকের মাঝে সহায়তা বিতরণ করা হবে।”

তিনি কৃষকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, উপজেলা প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং ক্ষতিগ্রস্ত কৃষকরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, টানা বর্ষণ ও জলাবদ্ধতায় অনেকের ক্ষেতের পাকা ধান নষ্ট হয়ে গেছে। অনেকেই ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন। সরকারি সহায়তা তাদের জন্য সাময়িক স্বস্তি নিয়ে এসেছে বলে তারা জানান।

উল্লেখ্য, গত কয়েকদিনের ভারী বর্ষণে শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং কৃষিখাতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো মাঠপর্যায়ে কাজ করছে।