অংকুর সমাজ উন্নয়ন সংস্থার কার্যকরী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, মে ৩০, ২০২৬

অংকুর সমাজ উন্নয়ন সংস্থার কার্যকরী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

Manual1 Ad Code
সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি ও নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ৩০ মে ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষা, সংস্কৃতি, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত এবং সম্প্রসারিত করার লক্ষ্যে অংকুর সমাজ উন্নয়ন সংস্থার কার্যকরী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংগঠনের প্রশাসনিক ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শনিবার (৩০ মে ২০২৬) শ্রীমঙ্গল শহরের চিড়িয়াখানা রোডস্থ নাগরিক উদ্যোগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অংকুর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সমরজিৎ কৈরী।

সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পারভেজ কৈরী।

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সংস্থার উপদেষ্টা এবং শ্রীমঙ্গল সরকারি কলেজের গণিত বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক সুদর্শন শীল ও সহ-সভাপতি দিলীপ কুমার কৈরী।

বক্তারা অংকুর সমাজ উন্নয়ন সংস্থার দীর্ঘদিনের সামাজিক অবদান এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

Manual6 Ad Code

বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক সংগঠনগুলোর কার্যক্রমকে টেকসই ও ফলপ্রসূ করতে সুশাসন, জবাবদিহিতা এবং কার্যকর ব্যবস্থাপনার বিকল্প নেই। অংকুর সমাজ উন্নয়ন সংস্থা অতীতের অর্জনকে ভিত্তি করে আগামী দিনে শিক্ষা, সংস্কৃতি, সামাজিক সম্প্রীতি ও মানবিক উন্নয়নের ক্ষেত্রে আরও বৃহত্তর পরিসরে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Manual1 Ad Code

সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংগঠনের নিবন্ধন নবায়ন, অফিসিয়াল প্যাড ও প্রাতিষ্ঠানিক ই-মেইল আইডি প্রস্তুতকরণ, আর্থিক অডিট সম্পন্ন করা, ব্যাংক হিসাব সচলকরণ, প্রশাসনিক দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, নতুন স্বেচ্ছাসেবক সদস্য অন্তর্ভুক্তি এবং একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংগঠনের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে আগামী তিন বছরের জন্য নতুন কার্যকরী কমিটিও গঠন করা হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয় যে নবগঠিত কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে আগামী ১৯ জুন ২০২৬ একটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, দায়িত্ব বণ্টন এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের রূপরেখা চূড়ান্ত করা হবে।

Manual1 Ad Code

সভায় অংকুর সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠার ১৮ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণের বিষয়েও আলোচনা হয়। প্রস্তাবিত কর্মসূচির মধ্যে রয়েছে বিশেষ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, প্রয়াত সদস্যদের স্মরণে বিশেষ স্মারক পর্ব এবং ‘অংকুর: প্রতিষ্ঠার আঠারো বছর’ শীর্ষক দেয়ালিকা বা স্মরণিকা প্রকাশ।

Manual7 Ad Code

সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন কর্মসূচিও হাতে নেওয়া হবে।

সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তারা বলেন, শ্রীমঙ্গলসহ বৃহত্তর মৌলভীবাজার অঞ্চলে শিক্ষা বিস্তার, সাংস্কৃতিক চর্চা, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে অংকুর সমাজ উন্নয়ন সংস্থা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠিত অংকুর সমাজ উন্নয়ন সংস্থা দীর্ঘ ১৮ বছর ধরে শ্রীমঙ্গলে শিক্ষা, সংস্কৃতি, সামাজিক উন্নয়ন, যুবসম্পৃক্ততা ও মানবকল্যাণমূলক নানা কর্মসূচি পরিচালনা করে আসছে। স্থানীয় পর্যায়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, সাংস্কৃতিক বিকাশ এবং জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সংগঠনটি একটি ইতিবাচক সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি লাভ করেছে।

সভায় কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টা পরিষদের সদস্যগণ এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। সভা শেষে সংগঠনের উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।