মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা সম্মাননা পেল

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬

মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা সম্মাননা পেল

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ১৫ জুলাই ২০২৬ : মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত এ সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যক্রম আরও গতিশীল করা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Manual5 Ad Code

সভা শেষে জুন ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা নির্বাচন করে পুরস্কার প্রদান করা হয়।

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

সভায় জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও বিশেষায়িত ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দাপ্তরিক কার্যক্রমের গতি বৃদ্ধি, কর্মপরিবেশের উন্নয়ন, মাঠপর্যায়ের সমস্যা ও তার সম্ভাব্য সমাধান নিয়ে মতবিনিময় হয়। একই সঙ্গে জনগণের দোরগোড়ায় আরও কার্যকর ও মানবিক পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে প্রতিটি পুলিশ সদস্যকে আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করাও জেলা পুলিশের অন্যতম অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।

Manual7 Ad Code

সভা শেষে পুলিশ হেডকোয়ার্টার্সের অভিন্ন মূল্যায়ন মানদণ্ড অনুযায়ী জুন ২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হন মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. সাইফুল ইসলাম।

এছাড়া শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হন সদর মডেল থানার এসআই ওবায়দুল্লাহ। শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে সম্মাননা পান সদর ট্রাফিক বিভাগের টিএসআই মো. আব্দুল মোতালিব এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হন বড়লেখা থানার এএসআই আতিকুল ইসলাম।

অপরাধ দমন ও জটিল মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় অনুষ্ঠানে কয়েকজন কর্মকর্তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আলোচিত একটি গণধর্ষণ মামলার রহস্য উদঘাটন এবং তিন আসামিকে গ্রেফতারের সফলতার জন্য সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকারকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

Manual4 Ad Code

এছাড়া একটি ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন এবং আসামি গ্রেফতারে বিশেষ অবদান রাখায় সদর মডেল থানার এসআই শিপু কুমার দাস বিশেষ পুরস্কার লাভ করেন। একই মামলায় আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদানের জন্য এএসআই শফিকুল ইসলাম এবং এএসআই সাইদুর রহমানকেও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

জেলা পুলিশের কর্মকর্তারা জানান, অপরাধ দমন, গুরুত্বপূর্ণ মামলার সফল তদন্ত, আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে উৎসাহ প্রদান ও পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের মূল্যায়ন ও সম্মাননা প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে পুলিশ সদস্যদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি হচ্ছে এবং সেবার মান আরও উন্নত হচ্ছে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হকসহ মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

সভা শেষে পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে সম্মাননা তুলে দেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এবং ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় একই নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।