বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমদ বাদশার পঞ্চম মৃত্যুবার্ষিকী শনিবার

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমদ বাদশার পঞ্চম মৃত্যুবার্ষিকী শনিবার

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার | মৌলভীবাজার, ২৪ জুলাই ২০২৬ : প্রগতিশীল রাজনীতির অগ্রসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর অন্যতম সংগঠক এবং গণমানুষের নেতা সিরাজ উদ্দিন আহমদ বাদশার পঞ্চম মৃত্যুবার্ষিকী শনিবার (২৫ জুলাই)।

Manual7 Ad Code

দিবসটি উপলক্ষে পরিবারের সদস্য, সহযোদ্ধা, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁর সংগ্রামী জীবন, রাজনৈতিক আদর্শ এবং জনকল্যাণে অবদানের কথা স্মরণ করবেন।

সিরাজ উদ্দিন আহমদ বাদশা ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক এবং স্বাধীনতা-উত্তর বাংলাদেশে গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, সামাজিক ন্যায়বিচার ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ নেতৃত্ব। তিনি দীর্ঘদিন কৃষক, শ্রমজীবী ও হাওরাঞ্চলের মানুষের অধিকার আদায়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন। বিশেষ করে ‘কৃষক বাঁচাও–হাওর বাঁচাও’ আন্দোলনের কেন্দ্রীয় নেতা হিসেবে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Manual3 Ad Code

রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান হিসেবে স্থানীয় সরকার ব্যবস্থায় জনসেবামূলক কর্মকাণ্ডে সুনাম অর্জন করেন। একজন সফল ব্যবসায়ী হিসেবে তিনি যেমন পরিচিত ছিলেন, তেমনি সামাজিক দায়িত্ববোধ থেকে বিএনএসবি চক্ষু হাসপাতালের আজীবন সদস্য হিসেবেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।

Manual1 Ad Code

২০২১ সালের ২৪ জুলাই দিবাগত রাত, অর্থাৎ ২৫ জুলাই রাত পৌনে ১টায় সিলেটের আল-হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে, আত্মীয়-স্বজন, অসংখ্য সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে যান।

তাঁর মৃত্যুতে জেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। ২০২১ সালের ২৫ জুলাই প্রথম জানাজার নামাজ মৌলভীবাজার শহরের কোর্ট জামে মসজিদে বাদ জোহর এবং দ্বিতীয় জানাজা নিজ গ্রাম ভুকশিমইলে বাদ আসর অনুষ্ঠিত হয়। জানাজার আগে মৌলভীবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মো. মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীনা রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জামাল উদ্দিন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ এ সময় উপস্থিত ছিলেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক নেতারা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তারা বলেন, সিরাজ উদ্দিন আহমদ বাদশা ছিলেন আদর্শনিষ্ঠ, নির্লোভ ও সংগ্রামী রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি আজীবন মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে গেছেন। তাঁর কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

এদিকে, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমদ বাদশার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা-এর বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক এবং বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

Manual4 Ad Code

তিনি বলেন, “বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমদ বাদশা ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন আদর্শবান রাজনীতিবিদ এবং গণমানুষের অকৃত্রিম বন্ধু। তিনি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে সারাজীবন শোষণ-বঞ্চনার বিরুদ্ধে, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষের অধিকার আদায়ে নিরলস সংগ্রাম করেছেন। হাওরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা রক্ষায় তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “সিরাজ উদ্দিন আহমদ বাদশার রাজনৈতিক সততা, ত্যাগ, মানবিকতা ও আদর্শিক দৃঢ়তা বর্তমান ও আগামী প্রজন্মের জন্য অনুসরণীয়। তাঁর জীবনাদর্শ আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, সাম্য, মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে নতুন প্রেরণা জোগাবে। তাঁর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।”

মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, সহযোদ্ধা, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের মানুষের কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ