সিলেট ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৭ নভেম্বর ২০২৬ : দীর্ঘদিন বন্ধ থাকার পর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুনরায় চালু হয়েছে সম্রাট ফিলিং স্টেশন।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে নতুন ব্যবস্থাপনায় যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। ফিলিং স্টেশনটি পুনরায় চালু হওয়ায় স্থানীয় যানবাহন চালক, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সাতগাঁও চৌমুহনা-সংলগ্ন ফিলিং স্টেশনটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল ইসলাম চৌধুরীর। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মীর এম এ সালাম, মাওলানা আব্দুর রহমান নোমানী।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ওলামায়ে কেরাম, সাংবাদিক ও সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দ্য ফিনান্সিয়াল (পোস্ট ইংলিশ) ও সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; অনলাইন নিউজ পোর্টাল আমার সিলেটের (amarsylhet24.com) সম্পাদক ও শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আনিছুল ইসলাম আশরাফী; দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি ইসমাইল মাহমুদ; দৈনিক খোলা কাগজের প্রতিনিধি এহসানুল হক এবং গণমাধ্যমকর্মী আবদাল মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিং স্টেশনটির বর্তমান স্বত্বাধিকারী শেখ আফজাল আহমেদ বরুনী বলেন, বর্তমান সময়ে আলেম সমাজকে দ্বীনি কার্যক্রমের পাশাপাশি হালাল ব্যবসা-বাণিজ্যেও এগিয়ে আসতে হবে। অন্যথায় হালাল ব্যবসার ক্ষেত্র সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। অতীতে আলেম সমাজ মূলত দ্বীন প্রচারে অধিক মনোযোগী ছিলেন। তবে বর্তমান বাস্তবতায় দ্বীনি দায়িত্ব পালনের পাশাপাশি হালাল ব্যবসায় তাঁদের সক্রিয় অংশগ্রহণ জরুরি।
তিনি বলেন, ‘এই চিন্তা ও তাগিদ থেকেই আমি ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছি। সততা, নিষ্ঠা ও নৈতিকতার সঙ্গে হালাল ব্যবসা পরিচালনা করতে পারি, সে জন্য সবার কাছে দোয়া চাই।’
অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্বীনের খেদমতের পাশাপাশি হালাল উপার্জন ও ব্যবসা-বাণিজ্যে আলেম সমাজের অংশগ্রহণ একটি ইতিবাচক উদ্যোগ। সততা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে ব্যবসা পরিচালনা করা গেলে তা সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সাতগাঁও চৌমুহনা-সংলগ্ন গুরুত্বপূর্ণ স্থানে ফিলিং স্টেশনটি পুনরায় চালু হওয়ায় শ্রীমঙ্গল ও আশপাশের এলাকার যানবাহন চালকদের জ্বালানি সংগ্রহে ভোগান্তি কমবে। পাশাপাশি স্থানীয় পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায়ও ইতিবাচক প্রভাব পড়বে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি