সিলেট ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৪
অনেকেই নারীর সৌন্দর্য কোথায় জানতে চান। আমার হাসি পায়। কেননা নারীর সৌন্দর্য, আমার কাছে, কেশাগ্র থেকে পায়ের নখাগ্র অবধি। আমি নারীর দিকে তাকিয়ে সৌন্দর্য ছাড়া কিছুই দেখি না।
আমি তার কোন অঙ্গের কথা বলবো যেখান থেকে সৌন্দর্য বিকিরিত হয় না? তার বিন্যস্ত কিংবা অবিন্যস্ত কেশদামের দিকে তাকিয়ে পলকহীন থেকে যেতে হয় দীর্ঘ সময়! তারা যখন সামান্য বাতাসে দুলতে থাকে, ধানের শীসের চেয়েও তাদের মনোহর লাগে। আর যদি দুরত্ব সামান্য হয়, যে সুবাস আপনার নাকে এসে বিঁধে, পাগল হতে খুব বেশি সময় লাগে না।
নারীর গ্রীবার দিকে তাকিয়ে বাকরুদ্ধ হওয়া ছাড়া আর কি কোন পথ কেউ কখনো খুঁজে পেয়েছে? রাজহাঁস তার কাছে অবনত হয়, কারণ নারী আর রাজহাঁস এক বস্তু নয়। নারীর গ্রীবা থেকে থোকা থোকা কবিতা ফুটে ওঠে।
না, না, আমি সম্ভবত নারীর অঙ্গের দিকে অঙ্গুলি নির্দেশ করে তার সৌন্দর্য বর্ণনায় ব্রতী হয়েছি! এ ভুল পদক্ষেপ। কেননা নারীর অঙ্গের প্রতি মিলিমিটার সৌন্দর্যের ধাতু দিয়ে নির্মিত। প্রকৃতি তার শিল্পের যা কিছু শ্রেষ্ঠ উপকরণ, নারী নির্মাণে তা প্রয়োগ করেছে। প্রকৃতিও এখানে একদেশদর্শী। তবে তা মেনে নেয়া যায়, কারণ তা আমরা দেখতে পাই, এমনকি সে সৌন্দর্য পান করাও যায় পারস্পরিক হ্যা এর শর্তাধীনে।
নারীর স্তন পৃথিবীর শ্রেষ্ঠ শিল্প। আর নাভিমূল? যদি তার নিতম্বের সৌন্দর্যের কথা না বলি, তাহলে সৌন্দর্যের দেবি মুখ ফিরিয়ে নেবে। নারীর আরো যা কিছু গোপন, সেসব সৌন্দর্যের মূল চাবিকাঠি রহস্যময়তার আধারে অবগুণ্ঠিত। আমি তাদের বর্ণনায় কালক্ষেপ করা যুক্তিশীল নয় বলেই মনে করি।
নারী যখন তাকায়, তখন যে সৌন্দর্য ফুটে ওঠে, বিরল সে সৌন্দর্য। বঙ্কিম গ্রীবায় যখন সে কটাক্ষ হানে, ঠোঁটে সামান্য হাসির রেখা ফুটিয়ে, তখন যে কোন পাষাণ হৃদয় গলে যেতে বাধ্য। তার কণ্ঠস্বর শ্রবণেন্দ্রিয় যে লহরী তোলে, তা যে কোন সংগীতের চেয়ে সেরা।
২
নারীর সৌন্দর্য খুঁজতে যাওয়া বোকামো। নারী আসলে সৌন্দর্যের সমার্থক। তবে সেই সৌন্দর্য সবাই দেখতে পায় না। সেজন্য দরকার একটি প্রেমময় হৃদয়। পুরুষতান্ত্রিক এটিচুড নিয়ে নারীর দিকে তাকালে সৌন্দর্য নয়, চোখে পড়বে অধঃস্তন কোন প্রাণীর রূপ। সেখান থেকে সৌন্দর্য নয়, বেরিয়ে আসবে ভোগের উদগ্র বাসনা। এটা নারী নয়, সীমাবদ্ধতা পুরুষের যারা এই ভঙ্গিমা ধারণ করে।
যে প্রেমিক সেই দেখতে পায় নারীর সৌন্দর্য। তাকে খুঁজতে হয় না, তার চোখে সর্বদাই ফুটে তার প্রিয় নারীর অপার সৌন্দর্য। নারী কখনো সৌন্দর্য হারায় না, হারায় পুরুষের দেখার চোখ। যখন নারীকে সে তার কোন প্রয়োজনে ব্যবহার করে, তখন তার চোখে নারী নয়, দেখা দেয় প্রয়োজনের সামগ্রী হিসেবে।
নারীর সৌন্দর্য অশেষ, হতভাগ্য পুরুষ সে সৌন্দর্য দেখতে পায় না।
পুরুষের জন্য করুণা!

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি