সিলেট ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৫
বার্ষিক সাধারণ সভায় প্রভাবমুক্ত সাংবাদিকতাকে এগিয়ে নেয়ার প্রত্যয়
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৪ নভেম্বর ২০২৫ : সম্পাদক পরিষদের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) দুই বছর মেয়াদি নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নিউ এজ সম্পাদক নুরুল কবীর এবং সাধারণ সম্পাদক হয়েছেন বণিক বার্তা সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে সর্বসম্মতিক্রমে নতুন নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন এবং সহকারী সাধারণ সম্পাদক হয়েছেন সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ।
কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক এবং দৈনিক ইনকিলাব সম্পাদক এ. এম. এম. বাহাউদ্দিন।
সভায় নবনির্বাচিত সভাপতি নুরুল কবীর বলেন, “মুক্ত, নিরাপদ ও প্রভাবমুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় সম্পাদক পরিষদ নতুন উদ্যম ও দৃঢ় প্রত্যয়ে কাজ করবে। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় এই কমিটি সবসময় সক্রিয় ভূমিকা রাখবে।”
সভায় উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, নিউ এজ সম্পাদক নুরুল কবীর, ইনকিলাব সম্পাদক এ. এম. এম. বাহাউদ্দিন এবং করতোয়া সম্পাদক মো. মোজ্জাম্মেল হক।
অনলাইনে যুক্ত ছিলেন দৈনিক পূর্বকোণ সম্পাদক ড. এম. রমিজউদ্দিন চৌধুরী ও সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ।
নবযুক্ত সদস্যদের মধ্যে সভায় অংশ নেন সমকাল সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদ, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক আবু তাহের এবং ডেইলি সান সম্পাদক মো. রেজাউল করিম (লোটাস)।
সমাপনী বক্তব্যে বিদায়ী সভাপতি মাহফুজ আনাম বলেন, “দায়িত্বশীল সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সম্পাদক পরিষদ আরও শক্তিশালী ভূমিকা রাখবে। এডিটোরিয়াল ইনস্টিটিউটের কার্যক্রম উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।”
কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা
সম্পাদক পরিষদের নবগঠিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য এবং ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “দেশের শীর্ষস্থানীয় সম্পাদকদের সমন্বয়ে গঠিত এই নেতৃত্ব মুক্ত ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমি বিশ্বাস করি। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় তাদের ভূমিকা জাতীয় স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি