প্রখ্যাত চা শ্রমিক নেতা সুদাম প্রসাদ কৈরীর দশম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৫

প্রখ্যাত চা শ্রমিক নেতা সুদাম প্রসাদ কৈরীর দশম মৃত্যুবার্ষিকী আজ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৩ ডিসেম্বর ২০২৫ : প্রখ্যাত চা শ্রমিক নেতা, শ্রমিক আন্দোলনের অগ্রদূত ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সুদাম প্রসাদ কৈরীর দশম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে শ্রীমঙ্গলের সাতগাঁও চা বাগানে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিকেলে শ্রীমঙ্গলের সাতগাঁও চা বাগানের নাটমন্দির প্রাঙ্গণে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও বিশিষ্ট শ্রমিক নেতা কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

শ্রমিক আন্দোলনের কিংবদন্তিতুল্য এই নেতার স্মৃতিচারণ করতে গিয়ে কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “সুদাম প্রসাদ কৈরী ছিলেন একজন আপসহীন ও সাহসী শ্রমিক নেতা। তিনি আজীবন শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার সঙ্গে আমার নিবিড় সম্পর্ক ছিল। আমরা প্রায়ই বিভিন্ন বিষয়ে মতবিনিময় করতাম। তিনি ছিলেন স্পষ্টভাষী ও নীতিতে অটল একজন মানুষ। তার অবদান শ্রমিক সমাজ দীর্ঘদিন স্মরণ করবে। তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।”

সুদাম প্রসাদ কৈরী তার দীর্ঘ কর্মজীবনে দেশের শ্রমিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ছাড়াও বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ওয়ার্কার্স ফেডারেশনের সাবেক সহ-সভাপতি এবং বাংলাদেশ প্লান্টেশন এগ্রিকালচারাল ফিশারিজ এন্ড ফুড ওয়ার্কার্স ফেডারেশনের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

Manual1 Ad Code

এছাড়া তিনি বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ ফান্ড পরিচালনা বোর্ডের সাবেক সদস্য এবং বাংলাদেশ বাগিচা শ্রমিক কর্মচারী ভবিষ্য তহবিল পরিচালনা বোর্ডের সাবেক সদস্য হিসেবেও শ্রমিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। চা বাগানের শ্রমিকদের মজুরি, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আন্দোলনে তিনি ছিলেন অগ্রভাগের সংগঠক।

Manual4 Ad Code

সুদাম প্রসাদ কৈরীর দশম মৃত্যুবার্ষিকীতে পৃথক বাণীতে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর আহমদ বকুল। তাঁরা বলেন, সুদাম প্রসাদ কৈরীর জীবন ও সংগ্রাম নতুন প্রজন্মের শ্রমিক নেতাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

Manual2 Ad Code

এছাড়া শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার, কার্যকরী উপদেষ্টা রামভজন কৈরী, চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরা, চা শ্রমিক নেতা রাজেন্দ্র প্রসাদ বুনার্জি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডমিনিক সরকারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতগাঁও, রাজঘাট, কালীঘাট, ভূনবীর ও অন্যান্য ইউনিয়নের সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, সাতগাঁও, ইছামতি ও মাকড়িছড়া চা বাগানের ব্যবস্থাপক, কর্মচারী ও শ্রমিক নেতৃবৃন্দ, কুলাউড়া ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শ্রদ্ধা নিবেদন করেন।

Manual7 Ad Code

উল্লেখ্য, শ্রমিক আন্দোলনের এই বরেণ্য নেতা সুদাম প্রসাদ কৈরী ২০১৫ সালের ২৩ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ০৫ মিনিটে মৃত্যুবরণ করেন। তার প্রয়াণে দেশের চা শ্রমিক আন্দোলনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা আজও পূরণ হয়নি বলে মনে করেন শ্রমিক নেতারা।

এ সংক্রান্ত আরও সংবাদ