ডিবিসি নিউজ টকশোতে নারী প্রার্থী ডা. মনীষার প্রতি বৈষম্যমূলক আচরণের নিন্দা

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৬

ডিবিসি নিউজ টকশোতে নারী প্রার্থী ডা. মনীষার প্রতি বৈষম্যমূলক আচরণের নিন্দা

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | বরিশাল, ২৯ জানুয়ারি ২০২৬ : ডিবিসি নিউজের জনপ্রিয় টকশো “জনতার দরবার”-এ নারী প্রার্থী হিসেবে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর নেত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মনীষা চক্রবর্তীর প্রতি বৈষম্যমূলক ও নারীবিদ্বেষী আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাসদ বরিশাল জেলা শাখা।

Manual7 Ad Code

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) এক যুক্ত বিবৃতিতে বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল ইসলাম ও সুজন আহমেদ বলেন, গত বুধবার (২৮ জানুয়ারি) ডিবিসি নিউজের টকশো “জনতার দরবার”-এ ডা. মনীষা চক্রবর্তীর সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা চরমভাবে নারী বিদ্বেষী, গণতান্ত্রিক মূল্যবোধ পরিপন্থী এবং সাংবাদিকতার নৈতিকতার সম্পূর্ণ বিরোধী।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ডিবিসি নিউজ কর্তৃপক্ষ বরিশাল-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাসদ বরিশাল জেলা আহ্বায়ক ডা. মনীষা চক্রবর্তীকে টকশোতে আমন্ত্রণ জানায় এবং তাকে জানানো হয় যে তিনি অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনায় অংশ নেবেন এবং শেষ পর্বে পুনরায় আলোচনায় যুক্ত হবেন। কিন্তু অনুষ্ঠান শুরুর প্রায় ২০ মিনিট পর কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা ছাড়াই তাকে মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়।

পরবর্তীতে বিভিন্ন সাংবাদিক সূত্রে জানা যায়, একই আসনের আরেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়জুল করিম একজন নারী প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী একই মঞ্চে উপস্থিত থাকায় প্রথমে টকশোতে অংশ নিতে অস্বীকৃতি জানান। তার এই আপত্তির পরই ডিবিসি নিউজ কর্তৃপক্ষ নারী প্রার্থীকে মঞ্চ থেকে নামিয়ে নেয় এবং এরপর ফয়জুল করিম অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দের মতে, এই ঘটনা প্রকাশ্য নারীবিদ্বেষ ও নারী প্রার্থীর প্রতি চরম অবমাননার দৃষ্টান্ত।

Manual4 Ad Code

বাসদ নেতারা আরও অভিযোগ করেন, ডিবিসি নিউজ কর্তৃপক্ষ ভুল তথ্য উপস্থাপন করে ডা. মনীষা চক্রবর্তীকে মঞ্চ থেকে সরিয়ে নেয়, যা একজন গণমাধ্যমকর্মী ও একটি সংবাদমাধ্যমের জন্য অত্যন্ত অপেশাদার ও অসৌজন্যমূলক আচরণ। এ ধরনের আচরণ সাংবাদিকতার নৈতিকতা, নিরপেক্ষতা ও পেশাগত দায়িত্বের পরিপন্থী বলেও তারা মন্তব্য করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “যিনি একজন নারী প্রার্থীর সঙ্গে একই মঞ্চে বসে মতবিনিময় করতে অস্বীকৃতি জানান এবং প্রকাশ্যে একজন নারী রাজনীতিবিদকে অপমান করেন, তিনি সংসদে গিয়ে নারীদের অধিকার রক্ষা করবেন—এমন দাবি জনগণের সঙ্গে প্রতারণার শামিল।” তারা আরও বলেন, সংসদ একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের সমানভাবে মত প্রকাশের অধিকার রয়েছে।

Manual3 Ad Code

নেতৃবৃন্দ স্মরণ করিয়ে দেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ৫১ শতাংশ নারী। একজন সংসদ সদস্য পদপ্রার্থী যদি একটি টেলিভিশন টকশোতেও একজন নারী প্রার্থীর সঙ্গে একই মঞ্চ ভাগ করে নিতে না পারেন, তাহলে তিনি সংসদে গিয়ে এই বিপুল সংখ্যক নারীর প্রতিনিধিত্ব করবেন কীভাবে—এই প্রশ্ন আজ জাতির সামনে দাঁড়িয়ে আছে।

বাসদ বরিশাল জেলা শাখার নেতারা বলেন, এই ঘটনায় শুধু একজন নারী প্রার্থীই নয়, বরং সামগ্রিকভাবে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ, সম্মান ও সাংবিধানিক অধিকার প্রশ্নবিদ্ধ হয়েছে। রাজনীতিতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা যেখানে সময়ের দাবি, সেখানে এ ধরনের আচরণ সমাজকে আরও পিছিয়ে দেওয়ার শামিল।

Manual4 Ad Code

বিবৃতির শেষে নেতৃবৃন্দ ডিবিসি নিউজের অপেশাদারি ভূমিকা এবং একজন সংসদ সদস্য পদপ্রার্থীর নারীবিদ্বেষী আচরণের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তারা গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং নারী প্রার্থীদের প্রতি সম্মান ও সমান অধিকার নিশ্চিত করার দাবি জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ