সিলেট ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২২
লক্ষ্মীপুর, ২৬ জুলাই ২০২২ : লক্ষ্মীপুরে সাংবাদিক শাহ মনির পলাশ (২৫) হত্যা মামলার আসামি আবু ইউছুফ ও আবু ছায়েদকে দশবছর করে কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদেরকে দশ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও একবছর করে কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার (২৬ জুলাই ২০২২) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত আবু ইউছুফ ও আবু ছায়েদ জেলার সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মাছিমনগর গ্রামের আক্তারুজ্জামানের ছেলে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) জসিম উদ্দিন জানান, আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ রায় প্রদান করেছের। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরনে প্রকাশ, ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি সকালে পলাশদের বাগানের গাছ কেটে নেওয়ার চেষ্টা করে তার দুই চাচাতো ভাই আবু ইউছুফ ও আবু ছায়েদ। এনিয়ে ঝগড়ার শব্দ শুনে পলাশ ঘর থেকে বের হয়ে দেখে তার বাবা মনিরকে ইট নিক্ষেপ করছে চাচাতো ভাইয়েরা। একপর্যায়ে তিনি ইটের আঘাতে মাটিতে পড়ে যান। এসময় পলাশ দৌঁড়ে গিয়ে তার বাবাকে মাটি থেকে তুলছিলো। হঠাৎ পেছন থেকে রড দিয়ে পলাশের মাথায় আঘাত করা হয়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক তিনি অচেতন হয়ে যান। এরপরও তার বুকে রড ও লাঠি দিয়ে আঘাত করে চাচাতো ভাইয়েরা। আঘাতে পলাশের মাথা না ফেটে ভেতরে রক্ত জমাট বেধে যায়। ঘটনাস্থল থেকে সাংবাদিক পলাশকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করে। ঢাকায় নেওয়ার পথে রক্ত বমি করলে তাকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরাও তাকে জরুরী ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি আরও কয়েকবার রক্ত বমি করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরদিন ১৫ ফেব্রুয়ারি সকাল ১০ টায় তার অপারেশনের সময় নির্ধারণ করা হয়। কিন্তু তার আগেই ১৫ ফেব্রুয়ারি ভোরে তিনি মারা যান।
একইদিন সন্ধ্যায় পলাশের বাবা মনিরুল ইসলাম বাদি হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ২০১৮ সালের ২৪ অক্টোবর তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল আলিম আদালতে আবু ইউছুফ ও আবু ছায়েদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও ১০ জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ মঙ্গলবার এ রায় প্রদান করেন।
মামলার বাদীর আইনজীবী আরিফুর রহমান জানান, এ রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট নয়। আসামিদের সর্বোচ্চ শাস্তির জন্য উচ্চআদালতে আপিল করা হবে।
নিহত সাংবাদিক শাহ মনির পলাশ লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মাছিমনগর গ্রামের মনিরুল ইসলামের ছেলে। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক রূপবাণী পত্রিকার জেলা প্রতিনিধি ছিলেন।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি