বৈষম্যহীন অসাম্প্রদায়িক গণমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন জোরদারের আহ্বান

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬

বৈষম্যহীন অসাম্প্রদায়িক গণমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন জোরদারের আহ্বান

Manual8 Ad Code
  • বাংলাদেশ ছাত্রমৈত্রীর কাউন্সিলে সভাপতি ইয়াতুন্নেসা রুমা এবং সাধারণ সম্পাদক ফাহিম মুনতাসির শুভ্র

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৭ আগস্ট ২০২৬ : বাংলাদেশে বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও গণমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নব্বইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা কমরেড নুর আহমদ বকুল।

তিনি বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশে এখনো একটি সার্বজনীন, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষানীতিতে পরিবর্তন আনার প্রবণতার কারণে একটি সমন্বিত ও ধারাবাহিক জাতিগঠনমূলক শিক্ষাব্যবস্থা গড়ে ওঠেনি।

শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সকাল ১১টায় ঢাকাস্থ ফেনী সমিতি মিলনায়তনে বাংলাদেশ ছাত্র মৈত্রীর ২২তম কাউন্সিলের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি অতুলন দাস আলোর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নুর আহমদ বকুল বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে দীর্ঘদিন ধরে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে পরিচালিত করা হয়েছে। প্রতিবার সরকার পরিবর্তনের পর শিক্ষা ব্যবস্থা ও শিক্ষানীতিতে নতুন নতুন পরিবর্তন আনা হয়েছে। এর ফলে জাতির প্রয়োজন অনুযায়ী একটি সমন্বিত, ধারাবাহিক ও বৈজ্ঞানিক শিক্ষাব্যবস্থা গড়ে ওঠেনি।

তিনি অভিযোগ করেন, সাম্রাজ্যবাদী অর্থনীতিনির্ভর বিশ্বব্যাংক ও আইএমএফ নির্দেশিত নীতি এবং প্রতিক্রিয়াশীল শাসকগোষ্ঠী, সামরিক-বেসামরিক আমলাতন্ত্র ও মৌলবাদী রাজনৈতিক শক্তির প্রভাবে দেশের শিক্ষা ব্যবস্থা ক্রমশ সংকুচিত ও পশ্চাৎমুখী হয়েছে। তাঁর ভাষায়, শিক্ষা ব্যবস্থাকে মৌলবাদীকরণের একটি প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলছে।

ধর্মের রাজনৈতিক ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে নুর আহমদ বকুল বলেন, ধর্মকে রাজনীতিকরণ করে বাংলাদেশকে আবার পাকিস্তানি ধারায় ফিরিয়ে নেওয়ার অপচেষ্টা চলছে। এই অপচেষ্টা রুখে দিতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ও সংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনার সঙ্গে অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, সাম্য ও সামাজিক ন্যায়বিচার অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তাই একটি গণমুখী ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার প্রশ্নটি শুধু শিক্ষার প্রশ্ন নয়; এটি রাষ্ট্র ও সমাজের ভবিষ্যৎ নির্মাণের প্রশ্ন।

দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির এই নেতা। তিনি বলেন, দেশে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় এলেও এখন পর্যন্ত সমাজে কাঙ্ক্ষিত শৃঙ্খলা ফিরে আসেনি। গ্যাস ও বিদ্যুতের সংকট, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। একই সঙ্গে সমাজে আয়বৈষম্য বাড়ছে বলেও তিনি মন্তব্য করেন।

নুর আহমদ বকুল বলেন, দুর্নীতি, ঘুষ ও চাঁদাবাজি বন্ধ হয়নি। এসব কারণে সাধারণ মানুষ নানা ধরনের সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। রাষ্ট্র পরিচালনায় জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য দূর না হলে প্রকৃত গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

আন্তর্জাতিক ও পররাষ্ট্রনীতির বিভিন্ন বিষয় নিয়েও সমালোচনা করেন তিনি। মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে বিভিন্ন চুক্তি এবং সৌদি আরবের নেতৃত্বাধীন নৌযুদ্ধ জোটে বাংলাদেশের যোগদানের প্রসঙ্গ তুলে ধরে নুর আহমদ বকুল বলেন, এসব সিদ্ধান্ত জনগণের স্বার্থের পরিপন্থী। তিনি সাম্রাজ্যবাদবিরোধী অবস্থান আরও শক্তিশালী করার আহ্বান জানান।

Manual6 Ad Code

তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ছাত্রসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ছাত্রদের ঐক্যবদ্ধ করে সাম্রাজ্যবাদ ও মৌলবাদবিরোধী সংগ্রামকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কাউন্সিল অধিবেশনে বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনের ইতিহাসে ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমান সময়েও শিক্ষার অধিকার, বৈষম্য দূরীকরণ, কর্মসংস্থান, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রসমাজকে সামনে থেকে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীন আহমেদ, ছাত্রনেতা ইমরান নুর নিরব এবং বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি ফারুক আহমেদ রুবেল।

Manual6 Ad Code

শুভেচ্ছা বক্তব্য দেন জাসদ ছাত্রলীগ নেতা মোহাম্মদ গোলাম কিবরিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন যুব মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি তৌহিদুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা নগর দক্ষিণের আহ্বায়ক কমরেড কিশোর রায়, ঢাকা নগর উত্তরের আহ্বায়ক কমরেড সাদাকাত হোসেন খান বাবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

রাশেদ খান মেননের মুক্তি ও ফজলে হোসেন বাদশার মামলা প্রত্যাহারের দাবি

বাংলাদেশ ছাত্র মৈত্রীর ২২তম কাউন্সিল থেকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, সাবেক ডাকসু নেতা ও পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা জননেতা কমরেড রাশেদ খান মেননের মুক্তির দাবি জানানো হয়।

Manual8 Ad Code

একই সঙ্গে ছাত্র মৈত্রীর প্রতিষ্ঠাকালীন সভাপতি ও জননেতা ফজলে হোসেন বাদশার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়।

কাউন্সিলে বক্তারা রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার এবং সংগঠিত হওয়ার অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত রাজনৈতিক নেতা ও কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও দমন-পীড়নের পথ পরিহার করতে হবে।

নতুন নেতৃত্বে ইয়াতুন্নেসা রুমা ও ফাহিম মুনতাসির

Manual4 Ad Code

বাংলাদেশ ছাত্র মৈত্রীর ২২তম কাউন্সিলে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইয়াতুন্নেসা রুমা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফাহিম মুনতাসির ফয়সাল শুভ্র।

কাউন্সিলের মধ্য দিয়ে নতুন নেতৃত্বের হাতে সংগঠনের দায়িত্ব অর্পণ করা হয়। নবনির্বাচিত নেতারা শিক্ষার অধিকার, বৈষম্যবিরোধী আন্দোলন, অসাম্প্রদায়িকতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

কাউন্সিলে বক্তারা বলেন, শিক্ষাকে পণ্য হিসেবে বিবেচনা না করে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হিসেবে দেখতে হবে। ধনী-দরিদ্র, শহর-গ্রাম কিংবা বিভিন্ন সামাজিক ও ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য রয়েছে, তা দূর করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তাদের মতে, একটি রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণে শিক্ষা ব্যবস্থার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষানীতির ধারাবাহিকতা নষ্ট না করে দীর্ঘমেয়াদি, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক ও গণমুখী জাতীয় শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা প্রয়োজন।

কাউন্সিল থেকে শিক্ষা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে জোরদার করার পাশাপাশি সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ