সিলেট ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | বরিশাল বিশ্ববিদ্যালয়, ২১ সেপ্টেম্বর ২০২৬ : সাংবাদিকতা শিক্ষায় শ্রেণিকক্ষের পাঠের পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীদের ফ্যাক্টচেকিং বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে গণমাধ্যম উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান (এমআরডিআই)।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে তিন ঘণ্টার এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ফ্যাক্টচেকিংয়ের বিভিন্ন কৌশল ও অনলাইনভিত্তিক যাচাইয়ের সরঞ্জাম ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। পরে শিক্ষার্থীদের ফ্যাক্টচেকিংয়ের মৌলিক ধারণা, তথ্যের সত্যতা যাচাইয়ের প্রক্রিয়া এবং বাংলাদেশের তথ্যের অখণ্ডতা ও তথ্য-পরিবেশ সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন তথ্য ও দাবির সত্যতা যাচাইয়ে ব্যবহৃত বিভিন্ন টুল ও কৌশল শিক্ষার্থীদের হাতে-কলমে অনুশীলন করানো হয়।
প্রশিক্ষণে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে দ্রুত তথ্য ছড়িয়ে পড়ার ফলে সাংবাদিকতায় তথ্য যাচাইয়ের গুরুত্ব দিন দিন বাড়ছে। নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের তথ্যের উৎস যাচাই, বিভ্রান্তিকর তথ্য শনাক্ত এবং বিভিন্ন ডিজিটাল টুল ব্যবহারের দক্ষতা থাকা প্রয়োজন।
প্রশিক্ষণটি পরিচালনা করেন এমআরডিআইয়ের ফ্যাক্টচেকার আদনান আজিজ। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এমআরডিআই জানিয়েছে, ঢাকার বাইরের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সীমিত সম্পদের বিষয়টি বিবেচনায় নিয়ে সাংবাদিকতা শিক্ষায় ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা সংযুক্ত করতে প্রতিষ্ঠানটি বিভিন্নভাবে সহায়তা করে আসছে। এরই ধারাবাহিকতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
‘ইমপ্রুভিং কোয়ালিটি জার্নালিজম ইন বাংলাদেশ, ফেজ-৩’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কার্যক্রমে সহায়তা করেছে ফোজো মিডিয়া ইনস্টিটিউট।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি