সাহিত্য পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬

সাহিত্য পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬ : বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ছড়াকার, শিশুসাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক আখতার হুসেন আর নেই।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই ছেলে, স্বজন, সুহৃদ ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। পরিবারের সদস্যরা জানান, সর্বশেষ তার মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্তচাপ কমে যাওয়াসহ নানা শারীরিক জটিলতা দেখা দেয়। গত শুক্রবার থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে রাজধানীর ফার্মগেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বারডেম হাসপাতাল ও গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সর্বশেষ তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়।

ছয় দশকের সাহিত্যজীবন

১৯৪৫ সালের ১ নভেম্বর নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে জন্মগ্রহণ করেন আখতার হুসেন। দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে তিনি শিশু-কিশোরদের জন্য লিখেছেন। ছড়া, শিশুসাহিত্য, জীবনী, অনুবাদ ও সম্পাদনাসহ তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক।

Manual3 Ad Code

আখতার হুসেনের ছড়ার ভাষা ছিল সহজ, প্রাণবন্ত ও স্বাভাবিক। শিশু-কিশোর সাহিত্যে তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে—‘সমুদ্র অনেক বড়’, ‘রামধনুকের সাঁকো’, ‘উল্টোপাল্টা’, ‘হালচাল’, ‘আমার দুটো ডানা’, ‘ও হাওয়া ও হাওয়া’, ‘পাজি বেড়ালের শাস্তি’, ‘ফ্রিডম ফাইটার’, ‘কর্ণকুসুম ও কালোপাখার প্রজাপতি’, ‘খেলাঘরের পুতুলগুলো’ এবং ‘ছোটদের চারণ কবি মুকুন্দদাস’।

বাংলাদেশ শিশু একাডেমি থেকে প্রকাশিত পাঁচ খণ্ডের ‘শিশু-বিশ্বকোষ’-এ সর্বাধিক সংখ্যক ভুক্তি লেখার কৃতিত্বও রয়েছে তার।

সাংবাদিকতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড

সাংবাদিক হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন আখতার হুসেন। দৈনিক জনকণ্ঠ, দৈনিক প্রথম আলোসহ বিভিন্ন সংবাদপত্রে তিনি দায়িত্ব পালন করেন।

Manual1 Ad Code

সাংস্কৃতিক ও প্রগতিশীল বিভিন্ন সংগঠনের সঙ্গেও তার দীর্ঘদিনের সম্পৃক্ততা ছিল। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খেলাঘর ও উদীচীর সঙ্গে বিভিন্ন সময়ে যুক্ত ছিলেন তিনি। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্যদেরও একজন ছিলেন আখতার হুসেন।

পুরস্কার ও সম্মাননা

সাহিত্য ও শিশুসাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে আখতার হুসেন পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা। এর মধ্যে রয়েছে অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, ভাষা শহীদ আবদুল জব্বার স্মৃতিপদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ প্রদত্ত ‘মুক্তিযোদ্ধা কলম সৈনিক সম্মাননা স্মারক’, মনিরউদ্দীন ইউসুফ সাহিত্য পুরস্কার, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার ও বজলুর রহমান স্মৃতিপদক। তিনি বাংলা একাডেমির ফেলোও ছিলেন।

Manual7 Ad Code

সৈয়দ আমিরুজ্জামানের শোক

আখতার হুসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

এক শোকবার্তায় তিনি বলেন, “শিশুসাহিত্য ও ছড়াসাহিত্যে আখতার হুসেনের দীর্ঘ সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।”

Manual5 Ad Code

তিনি মরহুম আখতার হুসেনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ