সিলেট ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৬ : ‘শিক্ষা, কর্মসংস্থান ও সার্বভৌমত্বের লড়াইয়ে ঐক্যবদ্ধ হও; সাম্রাজ্যবাদী আগ্রাসন ও দেশীয় দালালদের উৎখাত করো’—এই স্লোগানকে সামনে রেখে বিপ্লবী ছাত্র মৈত্রীর ১৭তম জাতীয় কাউন্সিল সম্পন্ন হয়েছে।
২৩ ও ২৪ সেপ্টেম্বর দুইদিনব্যাপী কাউন্সিলে শাহরিয়ার খন্দকার আলিফকে সভাপতি, তৈয়ব ইসলামকে সাধারণ সম্পাদক এবং সোমা ডুমরীকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করা হয়। কমিটির একটি সহসভাপতি ও একটি সদস্য পদ ফাঁকা রাখা হয়েছে।
২৩ সেপ্টেম্বর দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কাউন্সিলের উদ্বোধন করেন একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড রণজিৎ চট্টোপাধ্যায়। উদ্বোধনী সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা। পরে কাউন্সিল অধিবেশন শুরু হয়।
অধিবেশনের শুরুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। এরপর সংগঠনের কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন শাখার রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। সারাদেশ থেকে আসা প্রতিনিধিরা বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন।
অধিবেশনে জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র ও গণমুখী শিক্ষাব্যবস্থা নির্মাণের লক্ষ্যে সংগঠনের সংগ্রামের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করা হয়।
নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অন্যরা হলেন—সহসভাপতি জশদ জাকির, সহসাধারণ সম্পাদক সরফরাজ সানোয়ার, রাজনৈতিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদ, দপ্তর সম্পাদক রিয়াদ হোসেন, অর্থ সম্পাদক শাহ্ সম্পূর্ণ এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব।
কেন্দ্রীয় কমিটির সদস্যরা হলেন রাজু আহমেদ, মিঠুন রায়, ইসরাত জাহান ইমু, হোসাইন আকাশ, সুমন রহমান ও মাহমুদুল হাসান সাইফ।
নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান বিদায়ী সভাপতি দিলীপ রায়।
কাউন্সিল শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নবগঠিত কমিটির পক্ষ থেকে গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি