সিলেট ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৯ সেপ্টেম্বর ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসহায় ও দরিদ্র পরিবারের ২০ শিশুর বিনামূল্যে সুন্নতে খতনা (মুসলমানি) করানো হয়েছে।
লন্ডনভিত্তিক চ্যারিটি সংগঠন সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং মানবসেবা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনে এ সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) শহরের কলেজ রোডে অবস্থিত বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান দ্য নিউ লাইফ হাসপাতালে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি, শ্রীমঙ্গলের সভাপতি ও শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ রফি আহমদ চৌধুরী।
কর্মসূচির উদ্বোধন করেন যুক্তরাজ্য প্রবাসী নেতৃত্ব, বিশিষ্ট সমাজসেবী ও সাউথ লন্ডন ফাউন্ডেশনের সভাপতি মোহিন আহমদ চৌধুরী।
মানবসেবা ফ্রি মেডিকেল ক্যাম্পের সভাপতি সিদ্দিক আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইফুল ইসলাম, চিকিৎসক নাজেম আল কোরেশী (রাফাত), শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য প্রকল্পের হেলথ ইন্সপেক্টর (ইনচার্জ) মো. মাহবুবুর রহমান, ব্যবসায়ী মো. ফারুক মিয়া, জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মী ইসমাইল মাহমুদ এবং সাউথ লন্ডন ফাউন্ডেশনের সমন্বয়ক আলফাজ উদ্দিন আহমদ।
আয়োজকেরা জানান, উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের ২০ শিশুকে এ কর্মসূচির আওতায় বিনামূল্যে সুন্নতে খতনা করানো হয়। ডা. আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে শিশুদের খতনা সম্পন্ন করা হয়। খতনা শেষে প্রত্যেক শিশুকে লুঙ্গি, গেঞ্জি ও গামছার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও অসহায় পরিবারের শিশুদের জন্য বিনামূল্যে সুন্নতে খতনার এ উদ্যোগ মানবিক ও জনকল্যাণমূলক কাজের একটি দৃষ্টান্ত। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ আরও জোরদার হবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
সাউথ লন্ডন ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ইংল্যান্ডপ্রবাসী সমাজকর্মী মোহিন আহমদ চৌধুরী ও সাজন মিয়ার নেতৃত্বে গড়ে ওঠা সংগঠনটি গত কয়েক বছর ধরে শ্রীমঙ্গলসহ এলাকার দরিদ্র মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা, ঈদ ও পূজায় আর্থিক সহায়তা এবং বিভিন্ন সময়ে খাদ্যসামগ্রী বিতরণসহ নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে সংগঠনটি।
ফাউন্ডেশনের সদস্যদের স্বেচ্ছায় দেওয়া অর্থে গঠিত তহবিল থেকে এসব সহায়তা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এবার দরিদ্র পরিবারের ২০ শিশুর বিনামূল্যে সুন্নতে খতনার আয়োজন করা হয়।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি