সিলেট ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ, ২২ অক্টোবর ২০২৬ : ভারত, পাকিস্তান, ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন, ইতালি, আলবেনিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ সহ পৃথিবীর দেশে দেশে সাম্রাজ্যবাদ ও তাদের পদলেহী লুটেরা পুঁজিপতি আর সাম্প্রদায়িকতার ছোবলে ক্ষতবিক্ষত নিপীড়িত মানুষ। সাম্রাজ্যবাদ হিসেবে আমেরিকা আজ সবচেয়ে ভয়ংকর দানবে পরিণত হয়েছে। এর প্রতিবাদে দেশে দেশে শ্রমজীবী মানুষের অসন্তোষ ও আন্দোলন অব্যাহত আছে। যুদ্ধ গণহত্যা আর স্বৈরতন্ত্র ছাড়া পুঁজিপতিদের শাসনব্যবস্থার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারছে না।
অতএব, মানবজাতির অস্তিত্ব রক্ষা করতে হলে পুঁজিবাদের বিকল্প কোন পথ খুঁজতে হবে। সাম্প্রদায়িক রাজনীতি পরিত্যাগ করতে হবে। মানুষের স্বাধীনতা, গণতন্ত্র ও মত প্রকাশের অধিকার রক্ষা করতে হবে।
সাম্রাজ্যবাদী আগ্রাসন, সাম্প্রদায়িকতা ও যুদ্ধের বিরুদ্ধে লেখক, শিল্পী, কবি ও সংস্কৃতি কর্মীদের এগিয়ে আসতে হবে। মধ্যযুগীয় সংস্কৃতির বিরুদ্ধে গণসংস্কৃতি এগিয়ে নিতে হবে। সমাজ প্রগতির পক্ষে অবস্থান নিতে হবে।
সাম্রাজ্যবাদী আগ্রাসন, যুদ্ধ, গণহত্যা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতা পাঠ ও আলোচনার আয়োজন করেছে বাংলাদেশ প্রগতি লেখক সংঘের নারায়ণগঞ্জ জেলা শাখা।
আগামী ২৪ অক্টোবর বিকেল ৫টায় নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে সংগঠনটির ৯৪তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের সাহিত্য আড্ডায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী কবিতা পাঠের পাশাপাশি সমকালীন বিশ্বপরিস্থিতি, নিপীড়িত মানুষের সংগ্রাম, গণতন্ত্র, মানুষের স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকার নিয়ে আলোচনা করা হবে।
আয়োজকদের বক্তব্যে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদ, লুটেরা পুঁজিবাদ ও সাম্প্রদায়িকতার কারণে সাধারণ মানুষ নানাভাবে নিপীড়ন ও সহিংসতার শিকার হচ্ছে। যুদ্ধ, গণহত্যা ও স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে দেশে দেশে শ্রমজীবী মানুষের অসন্তোষ ও আন্দোলন অব্যাহত রয়েছে। বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ এবং পুঁজিবাদী শোষণব্যবস্থার বিকল্প অনুসন্ধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
আয়োজকেরা মনে করেন, মানবজাতির অস্তিত্ব ও মর্যাদা রক্ষায় সাম্প্রদায়িক রাজনীতি পরিহার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং মানুষের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার সুরক্ষা জরুরি। সাম্রাজ্যবাদী আগ্রাসন, সাম্প্রদায়িকতা ও যুদ্ধের বিরুদ্ধে লেখক, কবি, শিল্পী এবং সংস্কৃতিকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখারও আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে মধ্যযুগীয় পশ্চাৎপদ সাংস্কৃতিক প্রবণতার বিপরীতে গণসংস্কৃতির বিকাশ এবং সমাজপ্রগতির পক্ষে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ প্রগতি লেখক সংঘের নারায়ণগঞ্জ জেলা শাখার এ সাহিত্য আড্ডায় কবিতা ও সাহিত্যচর্চার মধ্য দিয়ে যুদ্ধবিরোধী, মানবতাবাদী ও প্রগতিশীল চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা করছেন আয়োজকেরা। সাম্রাজ্যবাদ, শোষণ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয়ে লেখক, কবি, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি