জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন শ্রীমঙ্গলের ৯ ক্ষুদে গবেষককে সংবর্ধনা দিল অঙ্গীকার

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬

জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন শ্রীমঙ্গলের ৯ ক্ষুদে গবেষককে সংবর্ধনা দিল অঙ্গীকার

Manual4 Ad Code
  • চ্যাম্পিয়ন হওয়া ক্ষুদে গবেষক শুভাদিত্য বিশ্বাসের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হচ্ছে
  • গবেষণামুখী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের উৎসাহিত করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১০ নভেম্বর ২০২৬ : জাতীয় পর্যায়ের গবেষণা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শ্রীমঙ্গলের মুখ উজ্জ্বল করা নয় ক্ষুদে গবেষককে সংবর্ধনা দিয়েছে অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদ। শিক্ষার্থীদের মেধা, মনন, সৃজনশীলতা ও গবেষণামুখী চিন্তার বিকাশে উৎসাহ জোগাতে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, স্কুল ব্যাগ, খাতা, কলমসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাবিদ, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তাদের এ সাফল্যকে শ্রীমঙ্গলের শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে অভিহিত করেন বক্তারা।

গত ৩ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে অনুষ্ঠিত ‘চিন্তার চাষ’-এর ১১তম সম্মেলনের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নিজেদের মেধা, চিন্তাশক্তি ও গবেষণার সক্ষমতা প্রদর্শন করে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে শ্রীমঙ্গলের নয় শিক্ষার্থী।

বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের তিনজন, নটরডেম স্কুল অ্যান্ড কলেজের চারজন এবং সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের দুজন শিক্ষার্থী রয়েছেন। তাদের এ সাফল্যে আনন্দিত ও গর্বিত স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক এবং সচেতন মহল।

অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদের সভাপতি খালেদ মোশারফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন।

Manual7 Ad Code

শিক্ষক মো. আল আমিন ও সংগঠনের সদস্য মো. সালেহ উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মাওলানা এম এ রহিম নোমানি।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবীণ শিক্ষক, সনাক-টিআইবি শ্রীমঙ্গলের সাবেক সভাপতি ও শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক দীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য, উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সাবেক সভাপতি নোমান আহমদ সিদ্দিকী, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. একরামুল কবির, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী এবং অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদের সদস্য ও দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল সংবাদদাতা সৈয়দ ছায়েদ আহমদসহ অন্যরা।

বক্তারা বলেন, প্রচলিত শিক্ষাব্যবস্থায় পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধিৎসু মনোভাব, প্রশ্ন করার প্রবণতা, যুক্তিনির্ভর চিন্তা এবং গবেষণার অভ্যাস গড়ে তোলা জরুরি। শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়; বরং অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনের সমস্যা সমাধান, নতুন ধারণা উদ্ভাবন এবং সমাজের কল্যাণে কাজে লাগানোর সক্ষমতা তৈরি করাও শিক্ষার গুরুত্বপূর্ণ লক্ষ্য।

তারা আরও বলেন, বর্তমান বিশ্ব জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে। এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এ ক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা বলেন, শ্রীমঙ্গলের শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার এ অর্জন শুধু নয়জন শিক্ষার্থীর ব্যক্তিগত সাফল্য নয়, এটি পুরো এলাকার জন্য গর্বের বিষয়। তাদের এ সাফল্য অন্য শিক্ষার্থীদেরও গবেষণা, বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আগ্রহী করে তুলবে। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ পরিচর্যা, উৎসাহ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া গেলে প্রত্যন্ত জনপদ থেকেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গবেষক তৈরি হওয়া সম্ভব।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ ও নতুন কিছু জানার কৌতূহল তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অর্জন তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনে অনুপ্রেরণা জোগাবে। শিক্ষার্থীদের শুধু সনদ বা পুরস্কার অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে জ্ঞানচর্চা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথিরা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, বিজ্ঞানচর্চা, গবেষণা, সাহিত্য ও সৃজনশীল কর্মকাণ্ডের পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগে সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণ শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের মধ্যে ইতিবাচক সংযোগ তৈরি করে।

সংবর্ধিত ক্ষুদে গবেষকদের পক্ষ থেকে বক্তব্য দেন ফাহমিদা আমিন আদিবা, চিন্ময়ী ভট্টাচার্য ও মো. আসাদুজ্জামান শিহাব। তারা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ, গবেষণার প্রস্তুতি এবং নিজেদের অর্জনের অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় তারা জানান, এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নতুন কিছু শেখার সুযোগ তৈরি হয় এবং নিজেদের চিন্তা ও সৃজনশীলতাকে অন্যদের সামনে তুলে ধরার আত্মবিশ্বাস পাওয়া যায়। তাদের সাফল্যের স্বীকৃতি ও সম্মাননা দেওয়ায় আয়োজক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও গণিত বিভাগের প্রধান সুদর্শনশীল, হাজী রাশিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, সদ্যবিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির আলী, র‌্যানার স্কুল অ্যান্ড কলেজের নুরুল হক, মোহাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন, বেগম রাসুলজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান বর্ধন, শাহ মোস্তফা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু তাহের শাহেদ গাজী এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ আল মুনসুর।

Manual5 Ad Code

এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শেষপর্বে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া শ্রীমঙ্গলের নয় ক্ষুদে গবেষকের হাতে সম্মাননা ক্রেস্ট, স্কুল ব্যাগ, খাতা, কলমসহ বিভিন্ন উপহার তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত অতিথিরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং গবেষণা ও জ্ঞানচর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

Manual5 Ad Code

আয়োজক অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত সুধীজন বলেন, শিক্ষার্থীদের অর্জনকে যথাযথ স্বীকৃতি দেওয়া হলে তাদের মধ্যে নতুন উদ্যম তৈরি হয়। পাশাপাশি অন্য শিক্ষার্থীরাও ভালো কাজ ও নতুন কিছু উদ্ভাবনে উৎসাহিত হয়। জাতীয় পর্যায়ে শ্রীমঙ্গলের নয় শিক্ষার্থীর এ সাফল্যকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানটি স্থানীয় শিক্ষাঙ্গনে গবেষণা ও সৃজনশীলতা চর্চার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ