সিলেট ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৩ নভেম্বর ২০২৬ : সুস্থ জীবনযাপনের জন্য সুষম খাদ্যাভ্যাস, মানসিক চাপ নিয়ন্ত্রণ ও নিয়মিত শারীরিক কার্যকলাপ অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, ডায়াবেটিস ও হরমোনজনিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে সবাইকে অভ্যস্ত হতে হবে।
রোগের লক্ষণ দেখা দেওয়ার পর যথাসময়ে চিকিৎসা গ্রহণ এবং চিকিৎসকের সঙ্গে রোগের বিষয়ে খোলামেলা আলোচনা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকালে রাজধানীর ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে ধানমন্ডি সোসাইটি ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত ডায়াবেটিস সচেতনতা ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে বক্তব্য দেন তিনি।
মন্ত্রী বলেন, ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই। শুধু রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিলেই হবে না, রোগ প্রতিরোধে আগে থেকেই সচেতন হতে হবে।
এ জন্য নিয়মিত শারীরিক পরিশ্রম, পরিমিত ও সুষম খাবার গ্রহণ এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীদের সঙ্গে রোগীদের যথাযথ যোগাযোগ থাকা প্রয়োজন। নিজের শারীরিক সমস্যা ও রোগের লক্ষণ সম্পর্কে চিকিৎসককে বিস্তারিত জানালে সঠিক চিকিৎসা গ্রহণ সহজ হয়। এ ক্ষেত্রে মানুষকে স্বাস্থ্যসচেতন করে তুলতে সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে।
শেখ রবিউল আলম বলেন, একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
ধানমন্ডি সোসাইটি ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে।
তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সুস্থ ও সুন্দর জীবনযাপনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান।
এ সময় মন্ত্রী ধানমন্ডি এলাকার উন্নয়ন প্রসঙ্গে ধানমন্ডি লেক সংস্কার ও এলাকার জলাবদ্ধতা নিরসনে প্রকল্প গ্রহণের বিষয়েও কথা বলেন।
তিনি এলাকার নাগরিক সুবিধা বাড়াতে উন্নয়নমূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মুসাদ্দেক হাবিব মিতু, অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান, অধ্যাপক ডা. নাজমুন নাহার, ডা. ফারিয়া আফসানা, অধ্যাপক ডা. এম. সাইফুদ্দিন ও ডা. নাভীদ আহমেদ। তাঁরা ক্যাম্পে অংশগ্রহণকারীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন।
অধ্যাপক ডা. নাজমুন নাহার বলেন, ‘আমরা যখন অসুস্থ হই, তখন চিকিৎসকের কাছে যাই। কিন্তু অসুস্থ না হওয়ার জন্যও যে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, সেটি মানুষকে জানতে হবে। আমাদের দেশের মানুষ এখনো এ বিষয়ে যথেষ্ট সচেতন নয়। ডায়াবেটিস শরীরের প্রতিটি অঙ্গকে আঘাত করে। অনেকে জানেনই না যে তাদের ডায়াবেটিস আছে। তাই এ ধরনের ক্যাম্প আয়োজন করা প্রয়োজন।’
জনকল্যাণমূলক এ উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি বিশেষ সহযোগিতা করে। আয়োজনে সার্বিক সহযোগিতা করে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। বৈজ্ঞানিক সহযোগী হিসেবে ছিল রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এবং একাগ্রা উন্ড অ্যান্ড ফুট কেয়ার হাসপাতাল লিমিটেড।
আয়োজকরা জানান, ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই ছিল এ ক্যাম্পের মূল উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগের মাধ্যমে রোগ প্রতিরোধ, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসকদের পরামর্শ গ্রহণে মানুষকে উৎসাহিত করা সম্ভব।
ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন করতে ধানমন্ডি সোসাইটির সভাপতি, কার্যনির্বাহী পরিষদের সদস্য, সাধারণ সদস্য, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানে আয়োজক সংগঠনের প্রতিনিধি, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। ক্যাম্পে সাধারণ মানুষের জন্য ডায়াবেটিসসহ বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা বিষয়ে পরামর্শ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
ধানমন্ডি সোসাইটির পক্ষ থেকে এ উদ্যোগে উপস্থিত থাকার জন্য মন্ত্রী শেখ রবিউল আলমের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, চিকিৎসক, সহযোগী প্রতিষ্ঠান এবং ক্যাম্পে অংশগ্রহণকারীদের প্রতিও ধন্যবাদ জানানো হয়।
সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে ধানমন্ডি সোসাইটি ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি