শেখ হাসিনা ছাড়া কেউ দলে অপরিহার্য নয়: ছোটভাই প্রসঙ্গে সেতুমন্ত্রী

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২১

শেখ হাসিনা ছাড়া কেউ দলে অপরিহার্য নয়: ছোটভাই প্রসঙ্গে সেতুমন্ত্রী

Manual6 Ad Code

|| নিজস্ব প্রতিবেদক || ০৭ জানুয়ারি ২০২১ : সম্প্রতি নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আবদুল কাদের মির্জার বক্তব্যের পরিপ্রেক্ষিতে কথা বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আপন ছোটভাইয়ের কর্মকাণ্ড প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, ‘দলীয় সভাপতি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কেউ দলে অপরিহার্য নয়।’

দল করলে সবাইকে শৃঙ্খলা মেনে চলতে হবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘কোনো বিশেষ ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। দলের শৃঙ্খলা ভাঙার অভিযোগে যেকোনো সিদ্ধান্ত দলীয় সভাপতি নিতে পরবেন।’

Manual1 Ad Code

‘শেখ হাসিনার ঊর্ধ্বে কেউ নয়, দল করলে সবাইকে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে’, যোগ করেন সেতুমন্ত্রী।

Manual3 Ad Code

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনের আগে গত রোববার সুষ্ঠু ভোটের দাবিতে সড়ক অবরোধ ও গণঅনশন করেন ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জাসহ নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগের নেতাদের হস্তক্ষেপে তা স্থগিত করেন। এর আগে তিনি জেলায় নিয়োগ–বাণিজ্য, টেন্ডারবাজি ও আওয়ামী লীগের জেলা কমিটি নিয়েও কথা বলেন। তাঁর এই বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হলে সারা দেশে আলোচনা শুরু হয়। পাশাপাশি কাদের মির্জা এটাও বলেন, তাঁর বক্তব্য শুধুই নোয়াখালীর আঞ্চলিক রাজনীতি নিয়ে।

এই অবস্থার মধ্যেই বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই প্রসঙ্গে কথা বললেন।

সকালে সরকারের টানা এক যুগ পূর্তি উপলক্ষে এবং ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত শীতার্ত মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকারের ধারাবাহিকতার গত ১২ বছরের উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরেন । তিনি একে ‘যুগান্তকারী মাইলফলক’ উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশ আজ বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল, অর্থনীতি ও আর্থ-সামাজিক ক্ষেত্রে বেশির ভাগ সূচকে দক্ষিণ এশিয়ার সব ছাড়িয়ে অগ্রগতির অভূতপূর্ব স্মারক বহন করছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে ও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানে অর্জিত হয়েছে দৃশ্যমান সফলতা। স্বাধীনভাবে কাজ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক), নির্বাচন কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠান।

Manual4 Ad Code

করোনার সময়ে বৈশ্বিক মহামারি নিয়ন্ত্রণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিশ্বে বাংলাদেশ অনুকরণীয় রাষ্ট্রের মর্যাদা পেয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার প্রজ্ঞা, দৃঢ়তা, সাহসিকতা, সততা ও কর্মনিষ্ঠা আজ বিশ্বনন্দিত। একসময়ে তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন ফিরে পেয়েছে ঐতিহ্য।’ তিনি বলেন, পাট রপ্তানিতে বাংলাদেশ আজ বিশ্বে প্রথম, ইলিশে প্রথম, তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয়, অন্যান্য ক্ষেত্রসহ চাল উৎপাদনে চতুর্থ স্থানে প্রিয় বাংলাদেশ।

বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অনবদ্য অবদান রেখে চলছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে অতীতের অবিশ্বাসের কৃত্রিম দেওয়াল ভেঙে নির্মিত হয়েছে সম্পর্কের নতুন সেতুবন্ধ। সমাধান হয়েছে, দীর্ঘদিনের ছিটমহল বিনিময় কার্যক্রম।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, সামাজিক এবং যোগাযোগ অবকাঠামো নির্মাণের মধ্যদিয়ে বাংলাদেশ এরই মধ্যে যোগাযোগ খাতে রীতিমতো বিপ্লব সাধিত হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। শতভাগ বিদ্যুৎ, পায়রাবন্দর, মাতারবাড়ি প্রকল্প, গভীর সমুদ্রবন্দর, বছরের প্রথমদিনে পাঠ্যপুস্তক উৎসব প্রধানমন্ত্রীর অবদান। শেখ হাসিনার হাত ধরেই মেট্রো রেল, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণাধীন। স্বপ্নের পদ্মাসেতু এখন দৃশ্যমান।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আর শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে।

২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।

Manual7 Ad Code